জোবায়ের মিলন
কোথাকার কোন ছেলে মরে গেছে
কী হয়েছে!
গত পরশু মরে গেল সুবল, সুমিত, শুনেত্রা
গত কাল মরে গেল সাতাশ ভিখারী
আজ মরে গেল রাজন!
মিরেরসরাই থেকে এখনও শুকায়নি লাশের গন্ধ;
কোথাকার কোন ছেলে মরে গেছে
কী হয়েছে।
আজও পার্লামেন্টে জ্বলেছে সুশোভিত ঝারবাতি
বক্তার পর বক্তা টেবিল ভেঙ্গেছে থাপ্পর মেরে
আজও সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে হয়েছে ঢাক ডোল
মন্ত্রিত্ব নিয়ে হয়েছে কানাকানি,
বিরোধীরা ছক এঁকেছে- পরবর্তী মসনদ দখলের,
কোথাকার কোন ছেলে মরে গেছে
কী হয়েছে?
আজ তো বোয়াল মরে নি, চিতল মরে নি
বৈদেশি কেউ যানযটে পরেনি
কোন চাটুকারকে নেয়া হয়নি কোমায়; তবে
কীসের এত ফিসফিসানি?
আজ তো মরেছে কোথাকার এক ‘ রাজন’. . .
”তোমার জন্য আজ প্রতিবাদ হয়নি রাজন
মানিক মিয়ার মোড়ে
তোমার জন্য কেউ তালা খুলতে আসেনি
বধির কালার দোড়ে,
তোমার জন্য জাগেনি শাহবাগ
জ্বলেনি মোমের বাতি
শাহবাগ থেকে হারিয়ে গেছে
সেই সে আগুন রাতি!”
কোথাকার কোন ছেলে মরে গেছে
কী হয়েছে!
কিছুই হয়নি; শুধু লিখেগেলাম-
তপ্ত জ্বালার বুকে, শোকে দু:খে-
এই পাষন্ড ভূমি আমার মাতৃভূমি না. . .
">